ওয়ারী পাস্তা ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮

রাজধানীর ওয়ারী এলাকায় একটি রেস্টুরেন্টের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত প্রায় ১০টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে ওয়ারী থানাধীন দিন বাটা শোরুম ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘ওয়ারী পাস্তা ক্লাব’ রেস্টুরেন্টে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রান্নাঘর এলাকায় হঠাৎ বিস্ফোরণ হলে কর্মচারী ও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের নাম জানা গেছে- শাহ আলাম (৪৫), ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)।

প্রত্যক্ষদর্শী ইউসুফ শেখ জানান, বিকট শব্দ শোনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এগিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং দগ্ধ দুজনকে বিশেষায়িত বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. হারুন অর রশিদ বলেন, ওয়ারীর বিস্ফোরণের ঘটনায় দুজন দগ্ধ রোগীকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে, তবে দগ্ধের পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিস্ফোরণের ঘটনায় আহত ও দগ্ধ মিলিয়ে আটজনকে জরুরি বিভাগ ও বার্ন ইউনিটে আনা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়ার প্রস্তুতি রয়েছে। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ খোঁজখবর নিচ্ছে।