শহরের নামে স্টেডিয়াম হয়, তবে কখনো শুনেছেন স্টেডিয়ামের নামেই শহর হয়? সেঞ্চুরিয়ান পার্কের নামেই দক্ষিণ আফ্রিকার গাউটেং প্রদেশের শহরটার নাম হয়েছে সেঞ্চুরিয়ান। আগে অবশ্য অন্য নাম ছিল। ভেরোয়েরবার্গ, লিটলটন... তবে বর্ণপ্রথা উঠে যাওয়ার শহরের বাসিন্দারা মিলেই নামটা ঠিক করলেন। কোনো ঔপনিবেশের গন্ধ ছাড়া নিরপেক্ষ একটা নাম, যেটা সবার পছন্দের। সেঞ্চুরিয়ান পার্ক নামের যে মাঠটার জন্য শহরের নাম, সেই মাঠেরই অবশ্য এখন পোশাকি নাম হয়ে গেছে সুপার স্পোর্ট পার্ক। তবে শেক্সপিয়ার যেমন বলেছেন, নামে কী আসে যায় তেমনি বাণিজ্যিক কারণে নামটা কিতাবে বদলে গেলেও মানুষের মুখে বদলায়নি। আর সেখানেই সেঞ্চুরি করাটা অভ্যাসে বানিয়ে ফেলেছেন কুইন্টন ডি কক। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ৩১ সেঞ্চুরির ৭টাই এই মাঠে। টি-টোয়েন্টিতে দুটো, দুটোই এই ভেন্যুতেই, ৪৪ বলে এবং ৪৩ বলে। দুই ম্যাচেই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ আর ডি ককের সেঞ্চুরি এসেছে ২০০’র বেশি রান তাড়া করা ইনিংসে।
সমুদ্রপৃষ্ঠ থেকে সেঞ্চুরিয়নের উচ্চতা ১৪০০ মিটার। মাঠের তিনদিকে উঁচু ঘাসের ঢিবির গ্রিন গ্যালারি, যেখানে গা এলিয়ে উপভোগ করা যায় ক্রিকেট রোমাঞ্চ। উচ্চতার কারণে বাতাস অপেক্ষাকৃত হালকা, তাই বল হাওয়া ভাসলেই যেন পাখা মেলে। মাঠের আউটফিল্ডও বিদ্যুৎ গতির, মুহূর্তেই বল ঘাসের গালিচায় পিছলে চলে যায় সীমানার বাইরে। যে কারণে এই মাঠে বেশিরভাগ টি-টোয়েন্টি ম্যাচগুলোতে আক্ষরিক অর্থেই চার-ছক্কার ফুলঝুরির দেখা মেলে। এসএ টোয়েন্টির সর্বোচ্চ ১০টি দলীয় ইনিংসের ৬টিই এই মাঠে, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস আর দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও এই মাঠেই। তবে সবচেয়ে বড় যে রেকর্ডটা, তা হচ্ছে টি-টোয়েন্টির সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেটে করা ২৫৮ রান ৭ বল হাতে রেখে তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা, কুইন্টন ডি কক সেঞ্চুরি করেছিলেন ৪৪ বলে। শুক্রবার রাতে তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেটে করা ২২১ রান ১৫ বল হাতে রেখে তাড়া করে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ডি কক সেঞ্চুরি করেছেন ৪৩ বলে। সঙ্গে রায়ান রিকেলটনের ৩৬ বলে ৭৭ রান। এই মাঠে ৫বার ২০০’র বেশি রান তাড়া করে জিতেছে পরে ব্যাট করা দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার রেকর্ড গড়া জয় আর শুক্রবারের রাতে জেতা ম্যাচ তো আছেই, সঙ্গে ২০২০ সালে প্রোটিয়াদের ২২২ রানের জবাবে ইংল্যান্ডের ২২৬ রান করে জয়, দক্ষিণ আফ্রিকার ২০৩ রান তাড়া করে পাকিস্তানের ৯ উইকেটে জয় আর পাকিস্তানের ২০৬ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকার ২১০ রানের ম্যাচও আছে। রানের প্রবাহ এখানে স্রোতস্বিনী নদীর মতোই, মিরপুরের উইকেটের মতো রানখরা নয়।
অবসর ভেঙে ফিরে আসায় প্রায় ৩ বছর পর সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে নামলেন ডি কক। ৪৯ বলে ১১৫ রান করে আউট হয়েছেন, ৬টা মেরেছেন চার আর ছক্কা মেরেছেন ১০টা। অর্থাৎ জায়গায় দাঁড়িয়েই নিয়েছেন ৮৪ রান! গোটা ইনিংসে মাত্র ৮টা ডট বল। ওদিকে রায়ান রিকেলটনের ৩৬ বলে ৭৭! ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাটিং করে ২২২ রান যে করেছিল, সেটা বোলিংয়ে নামার পর এক মুহূর্তের জন্যও নিরাপদ মনে হয়নি।
শুকরে কনরাড এর কোচিংয়ে প্রথম কোনো টি-টোয়েন্টি সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরের রানার্সআপরা এবার বিশ্বকাপের ঠিক আগে আগে দারুণ ফর্মে। টোনি ডি জোর্জি আর ডোনোভান ফেরেইরার জায়গায় এসেছেন ট্রিস্তান স্টাবস ও রায়ান রিকেলটন। ডি কক তো ভারতের মাটিতে দারুণ ছন্দে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে করেছিলেন ৪টা সেঞ্চুরি। এবার সেঞ্চুরিয়ানের সেঞ্চুরিয়ান কি পারবেন বিশ্বকাপে শেষ বাধাটা পার করতে!