নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। তবে বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধি থাকছে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাদের একজন হলেন আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টে গ্রুপ পর্বে দায়িত্ব পালন করবেন মোট ২৪ জন অন-ফিল্ড আম্পায়ার ও ৬ জন ম্যাচ রেফারি। পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা ও ওয়েন নাইটস। কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ওয়েন নাইটস প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার হিসেবে মাঠে নামবেন। গ্রপপর্বের ম্যাচগুলো পরিচালনায় থাকবেন পল রেইফেল, রড টাকার, ক্রিস গ্যাফানি, রিচার্ড ইলিংওর্থের মতো খ্যাতিমান আম্পায়াররা। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনা করবেন কুমার ধর্মসেনা ও রিচার্ড ইলিংওর্থ। আইসিসি জানিয়েছে, সুপার এইট ও নকআউট পর্বের অফিশিয়ালদের নাম পরে ঘোষণা করা হবে।