নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির ঘটনায় অভিযানের মাধ্যমে মূল অভিযুক্ত জিয়াকে আটক করেছে র্যাব-১১। বাহিনীটি জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা গেছে, শুক্রবার ৩০ জানুয়ারি বিকেল ৪টার দিকে একটি আভিযানিক দল সোনারগাঁও থানার পাঁচানী এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মাইনুল ইসলাম জিয়া (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ফতুল্লার পশ্চিম ভোলাইল এলাকার মোজা মিয়ার ছেলে।
র্যাব-১১ শুক্রবার রাতে জানায়, বুধবার ২৮ জানুয়ারি সোনারগাঁয়ের পাঁচানী এলাকায় নদীর তীর ঘিরে আধিপত্য নিয়ে দুটি পক্ষের মধ্যে সহিংস সংঘর্ষ বাধে। ওই সময় মাহি ও জিয়া নামের দুইজনকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করতে দেখা যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
ভিডিওটি নজরে আসার পর র্যাব-১১ বিষয়টি গুরুত্ব দিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এর ধারাবাহিকতায় দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনতে নজরদারি বাড়ানো হয়।
এরই অংশ হিসেবে শুক্রবার বিকেলে পাঁচানী এলাকায় অভিযান চালিয়ে পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্র দেখানো ও গুলি ছোড়ার ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত জিয়াকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৭টি টেটা, ৩টি চাপাতি এবং ১টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।