পটুয়াখালীর বাউফল উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার অভিযোগ উঠেছে। চন্দ্রদ্বীপ ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার চালাতে গিয়ে বাধা ও আক্রমণের শিকার হওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে স্থানীয় বিএনপি নেতারা। এ ঘটনায় মো. সুজন (২৫) নামে এক জেলে গুরুতর আহত হয়েছেন এবং তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল বেপারী ধানের শীষের সমর্থনে ভোট চাইতে উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি এলাকায় যান। সে সময় সেখানে উপস্থিত জামায়াতের কর্মী সিফাত বেল্লাল বেপারীর উদ্দেশে অপমানজনক ও উসকানিমূলক আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। ওই আচরণের প্রতিবাদ জানান বাড়িটির বাসিন্দা ফারুক চৌকিদারের ছেলে মো. সুজন।
এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে সুজনের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, জামায়াতের কয়েকজন কর্মী তাকে লক্ষ্য করে অতর্কিতভাবে আক্রমণ চালান এবং মারধর করেন। এতে তিনি গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
চিকিৎসাধীন সুজনের শারীরিক অবস্থার বিষয়ে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় বাধা এবং সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জামায়াত কর্মী সিফাত। তিনি বলেন, ‘আমি মারিনি, তার বাবা আমাকে আঘাত করতে গেলে আমি সরে যাই, তখন সেই আঘাতে সে আহত হয়।’
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় তরুণীর মৃত্যু