গোপন বৈঠক নিয়ে প্রশ্ন তুলে জামায়াতের সমালোচনা চরমোনাই পীরের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর (চরমোনাই পীর) মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম জামায়াতে ইসলামীর কর্মকৌশল নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করে বলেন, প্রকাশ্য অবস্থান ও গোপন তৎপরতার মধ্যে দলটির দ্বৈত আচরণ রয়েছে, যা জনগণের কাছে এখন পরিষ্কার।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নরসিংদীর পুলিশ লাইন্স এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সভায় বক্তব্যের এক পর্যায়ে মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, “আপনারা দেখেছেন জামায়াতের মুখে একটা কাজে আরেকটা। আমাদের সামনে বলে একটা আর গোপনে বৈঠক করে ভারত ও আমেরিকার সাথে। আমরা পরিস্কার বলবো বৈঠক হতেই পারে গোপন কেনো? সেই গোপনের মধ্যে ডাল মে কুচ কালো হে। এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে।  আর ধোঁকা দিয়ে আমাদের ধোঁকায় ফালানো যাবে না। আমরা একা হয়ে যায়নি, আমাদের সাথে আল্লাহ আছে, ওলামা আলেমসহ জনগণ আছে।”

তিনি আরও বলেন, ইসলামের নীতি ও আদর্শ দৃঢ়ভাবে অনুসরণ করলে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি অর্জন সম্ভব। তিনি বক্তব্যে উল্লেখ করেন, “ইসলামের নীতি আদর্শের উপর আমরা দাড়িয়ে থাকলে দুনিয়াতে  শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবো। আমরা যখন দেখলাম জামায়াত সমঝোতার মধ্যে নেতৃত্বের ক্ষমতা নিয়ে নিলো, তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে। যখন এটা আমরা বুঝতে পারলাম তখন কঠিন সিদ্ধান্ত নিয়ে ইসলাম বাংলার জমিনে উঁচু করার জন্য, মানবতা রক্ষা করার জন্য আমরা ঘোষণা দিলাম ইসলামী আন্দোলন হাতপাখা নিয়ে ইসলামের পথে একাই নির্বাচন করবে। বাংলাদেশকে পরিবর্তন করবো সোনার দেশে পরিণত করবো।”

নরসিংদী সদর আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও জেলা শাখার সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে জনসভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি আনোয়ার পারভেজ খান।

সভায় আরও উপস্থিত ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাও. ছাইফুল্লাহ প্রধান, নরসিংদী-৩ (শিবপুর) আসনের মনোনীত প্রার্থী মাও. ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা বদরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।