সমুদ্রের ওপর সৃষ্ট একটি শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’ যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশটির দক্ষিণ-পূর্ব ও মধ্য-আটলান্টিক এলাকায় অস্বাভাবিক তুষারপাত, তীব্র দমকা হাওয়া এবং উপকূলীয় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার রাত থেকে ঝড়ের প্রভাব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা শনিবারের মধ্যে আরও জোরালো রূপ নিতে পারে। বিশেষ করে শনিবার রাত নাগাদ নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলে ভারী তুষারপাতের সঙ্গে প্রায় হারিকেনসম গতির ঝোড়ো বাতাস যুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়টির গতিপথ উপকূলের আরও কাছ দিয়ে অতিক্রম করলে সপ্তাহান্তে নিউ ইংল্যান্ড উপকূলীয় অঞ্চলও প্রভাবের মুখে পড়তে পারে। এ ক্ষেত্রে পূর্ব ম্যাসাচুসেটস এলাকায় তুষারপাত ও শক্তিশালী বাতাসের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, নর্থ ক্যারোলাইনার উপকূলের কাছাকাছি এলাকায় শুক্রবার রাতে নিম্নচাপটি সৃষ্টি হয়ে দ্রুত শক্তি সঞ্চয় করবে এবং শনিবার উত্তর দিকে অগ্রসর হবে। আবহাওয়াবিজ্ঞানের ভাষায় এ ধরনের দ্রুত শক্তি বৃদ্ধি প্রক্রিয়াকে ‘বোম্বোজেনেসিস’ বলা হয়। এর ফলে তীব্র শীতল বায়ু দক্ষিণমুখে নেমে এসে এমন এলাকাতেও তুষারপাত ঘটাতে পারে, যেখানে সাধারণত শীতকাল তুলনামূলকভাবে মৃদু থাকে।
এদিকে দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রে প্রায় ২ কোটি ৮০ লাখ মানুষ ইতোমধ্যে শীতকালীন ঝড়সংক্রান্ত সতর্কতার আওতায় রয়েছে। সতর্কতাপ্রাপ্ত এলাকার মধ্যে রয়েছে জর্জিয়ার উত্তরাংশ, ক্যারোলাইনা অঞ্চল এবং দক্ষিণ ভার্জিনিয়া। সংশ্লিষ্ট অঞ্চলের অনেক স্থান এখনও গত সপ্তাহের শীতকালীন দুর্যোগের ক্ষতি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।