টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার পেস তারকা প্যাট কামিন্স। পিঠের চোট পুরোপুরি সেরে না ওঠায় তার বিশ্বকাপ খেলা আর হচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, টুর্নামেন্টের মাঝপথে পাওয়ার আশায় কামিন্সকে স্কোয়াডে রাখা হয়েছিল। তবে এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, তার পিঠের চোটের পুনর্বাসনের জন্য আরও সময় প্রয়োজন।

কামিন্সের পরিবর্তে বামহাতি পেসার বেন ডারশুইশকে দলে নেওয়া হয়েছে। এর আগেও কামিন্সের ইনজুরির কারণে তাকে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে খেলতে দেখা গেছে। অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমাইড বলেছেন, ‘প্যাটের চোটের কারণে আমরা বেনকে স্কোয়াডে নিয়েছি। বাঁহাতি পেসার হিসেবে সে দলের ভারসাম্য বজায় রাখতে পারবে। সে বল সুইং করাতে পারে এবং লোয়ার অর্ডারে ব্যাট হাতেও অবদান রাখতে পারবে।’

অস্ট্রেলিয়ার চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে আরও একটি পরিবর্তন এসেছে। ম্যাথিউ শর্টকে বাদ দিয়ে নেওয়া হয়েছে ম্যাট রেনশকে। এতে দলের মিডল অর্ডারের শক্তি আরও বেড়েছে বলে মনে করছেন নির্বাচকেরা। দুর্ভাগ্যবশত, বিগ ব্যাশ লিগে দারুণ পারফর্ম করেও চুড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি স্টিভেন স্মিথের। তবে সুখবর হলো, চোটাঘাত সামলে বিশ্বকাপে খেলতে পারবেন জশ হ্যাজলউড, টিম ডেভিড এবং নাথান এলিসরা।

অস্ট্রেলিয়ার চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড: মিচেল মার্শ (ক্যাপ্টেন), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডারশুইশ, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইনগ্লিস, ম্যাথিউ কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।