আমরা ভাড়াটিয়া তারা দেশের মালিক: জামায়াত আমির

দেশের বড় একটি দলকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ভাড়াটিয়া আর তারা দেশের মালিক।

তিনি বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ৫ আগস্টের আগে যে বাংলাদেশ ছিল সে রূপ আমরা ৫৪ বছর দেখেছি। আমরা সন্ত্রাস দেখেছি,  ফ্যাসিবাদ, দুর্নীতির পর্বত, ব্যাংক লুট,  শেয়ার মার্কেট লুট দেখেছি।  আমরা আমাদের মা বোনের ইজ্জতের ক্ষতি দেখেছি। এরাজ্যে কোনো এক সময় একটি পরিবার, একটি গোষ্ঠী, একটি দল শাসন করেছে। তাই এর বাইরে সবাইকে বিবেচনা করা হতো ভাড়াটিয়া আর তারা দেশের মালিক।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, সংবিধান এদেশের সবার সমান অধিকার রয়েছে আর সেই সংবিধানের দোহাই দিয়ে বিগত সময়ে এদেশের ১৮ কোটি মানুষের ওপর জুলুম করা হয়েছে। দুর্নীতি চাঁদাবাজি করা সিন্ডিকেট এখনও আছে। আমরা ঐক্য চাই, বাংলাদেশে ওই বস্তাপচা রাজনীতি আর চলতে দেওয়া যায় না। বস্তাপচা রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে নতুন ধারার এবং দুর্নীতিমুক্ত রাজনীতিকে ভোটের মাধ্যমে জয়ী করতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর ওপর আস্থা রেখে বলতে পারি, বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়। আমরা জনগণের ওপর পূর্ণআস্থাশীল, ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, ৫ তারিখের পরে অনেকের মধ্যে আত্মসমালোচনা এসেছে। অনেকের আবার চরিত্রের পরিবর্তন হয়নি। দুইটাই দেখছি আমরা। এই নির্বাচন সামনে রেখে অনেকে সোনালী কবিতা নিয়ে আপনাদের কাছে আসবেন। তাছাড়া যারা মা বোনদের রাস্তায় দেখলে কাপড় খোলে ফেলার হুমকি দেয় তার কোন প্রজাতির। যারা নির্বাচনের আগে এমন কথা বলতে পারে তারা ইলেকশনের পরে কি করবে সেটা বুঝা যাচ্ছে। ‘মর্নিং সুজ দ্য ডে’ সূর্য যখন সকাল বেলা পূর্ব দিগন্তে উঠে তখন বুঝা যায় আজকের দিনটি কেমন যাবে।

তিনি বলেন, আঠারো কোটি মানুষের মতের প্রতিফলন হবে। এখানে যার যা মত তাই হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা এমন অলিক কোনো অঙ্গিকার করবো না। যে অঙ্গিকার বাস্তবায়নের সামর্থ সরকারের থাকবে না। তবে ন্যায়বাবিচার যখন কায়েম হবে, জনগণের অধিকার পাওয়া হবে।

তিনি বলেন, যুবকরা আমাদের কাছে বেকার ভাতার দাবি করছে না। তাদের হাতকে দেশ গড়ার মজবুত কারিগর হিসেবে গড়ে তুলব। হাতে হাতে সম্মানের কাজ তুলে দেব।

কুমিল্লা-১ আসনের প্রার্থী ও দাউদকান্দি উপজেলা জামায়াতে আমির মনিরুজ্জামান বাহলুলের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামির সহ-সেক্রেটারি এটিএম মাসুম, মাওলানা আব্দুল হালিম প্রমুখ।