সদ্য ঘোষিত হওয়া ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন পরিচালক নিয়ামুল মুক্তা। শুধু তাই নয়, পুরস্কারপ্রাপ্তিতে আনন্দিত হওয়ার পরিবর্তে বিষয়টি নিয়ে ভীষণ বিব্রতবোধও করছেন তিনি। এমনকি পুরস্কার প্রত্যাখ্যান করারও ঘোষণা দিলেন এই পরিচালক। তার অভিযোগ, ‘রক্তজবা’ সিনেমার জন্য ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ হিসেবে তালিকা নাম এসেছে তার। সিনেমাটি তিনি পরিচালনা করলেও এর চিত্রনাট্য তার লেখা নয়। এর প্রকৃত চিত্রনাট্যকার তাসনীমুল হাসান। অন্যের কাজের স্বীকৃতি নিজের নামে আসায় তিনি নৈতিকভাবে এটি গ্রহণ করতে পারছেন না।
নিয়ামুল মুক্তা বলেন, ‘পুরস্কারের তালিকায় নিজের নাম দেখে আমি বিব্রত। চিত্রনাট্য লিখেছেন তাসনীমুল হাসান, অথচ নাম এসেছে আমার! যে অর্জন আমার নয়, সেটি আমি কীভাবে গ্রহণ করব? তাই আমি এই পুরস্কারটি প্রত্যাখ্যান করছি এবং চাইছি যার অবদান, তাকেই যেন যথাযথ স্বীকৃতি দেওয়া হয়।
এ বছর আজীবন সম্মাননাসহ (মরণোত্তর) মোট ২৮টি বিভাগে ৩০টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুরস্কারের দৌড়ে এবার সবচেয়ে এগিয়ে আছে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’; সিনেমাটি একাই ৮টি বিভাগে ৯টি পুরস্কার জিতে নিয়েছে। এরপর ৫টি বিভাগে পুরস্কার পেয়েছে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’।