আগেই মিলেছিল জোড়া সন্তানের আভাস। গত দীপাবলিতেই দক্ষিণী অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা কোনিদেলা সামাজিক মাধ্যমে তার সীমান্থম (গর্ভাবস্থার বিশেষ অনুষ্ঠান) অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি ‘ডাবল সেলিব্রেশন’, ‘ডাবল লাভ’ ও ‘ডাবল ব্লেসিং’-এর কথা উল্লেখ করে যমজ সন্তানের আগমনের ইঙ্গিত দিয়েছিলেন।
এবার সেই ইঙ্গিতই সত্যি প্রমাণ করে জমজ সন্তানের বাবা-মা হলেন রাম চরণ দম্পতি। তাদের ঘরে জন্ম নিয়েছে এক ছেলে ও এক মেয়ে। এই আনন্দের খবর নিশ্চিত করেছেন রাম চরণের বাবা চিরঞ্জীবী। গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, মা ও দুই নবজাতক—তিনজনই সুস্থ আছেন।
এই সুখবর ইতিমধ্যে বিনোদন দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চিরঞ্জীবী নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, যমজ সন্তানের আগমনে পরিবারে দ্বিগুণ আনন্দ এসেছে। তিনি লেখেন, এটি তাঁদের পরিবারের জন্য এক অনাবিল সুখের মুহূর্ত এবং সবার দোয়া, ভালোবাসা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বার্তাটিতে চিরঞ্জীবী ও তার স্ত্রী সুরেখা দুজনের নামেই স্বাক্ষর ছিল, যা দাদা-দাদির পক্ষ থেকে একটি অত্যন্ত ব্যক্তিগত ও আবেগঘন ঘোষণা হিসেবে ধরা হচ্ছে। চিরঞ্জীবীর পোস্টের পরপরই ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় ভরে যায় সামাজিক যোগাযোগমাধ্যম। সবাই নবজাতকদের জন্য আশীর্বাদ ও ভালোবাসা জানাচ্ছেন।
প্রেম করেই বিয়ে করেন রাম চরণ ও উপাসনা কোনিদেলা। ২০১১ সালের ডিসেম্বরে তাদের বাগদানের পরের বছর ২০১২ সালের জুনে হায়দরাবাদে জমকালো আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়। উপাসনা অ্যাপোলো চ্যারিটির ভাইস-চেয়ারপারসন এবং অ্যাপোলো হাসপাতাল গ্রুপের প্রতিষ্ঠাতা প্রতাপ সি রেড্ডির নাতনি। অন্যদিকে রাম চরণ হলেন কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবীর ছেলে।
রাম চরণ ও উপাসনা প্রথম বাবা-মা হন ২০২৩ সালের জুনে। তাদের প্রথম কন্যার নাম ক্লিন কারা।