নাটোরের গুরুদাসপুরে পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজের দুইদিন পর আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার সোনাবাজু এলাকার তুলসি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল কুদ্দুস (৪৮) একই উপজেলার পাটপাড়া গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।
নিহত পরিবার জানায়, গত ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে আব্দুল কুদ্দুস বাড়ি থেকে বের হন। যাওয়ার সময় তিনি জানান, মোকিমপুর এলাকার সুমনের কাছ থেকে পাওনা ২৫ হাজার টাকা আনতে যাচ্ছেন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। ওই রাতে তার স্ত্রী মোবাইলে যোগাযোগ করলে কুদ্দুস কিছুক্ষণ পর ফিরবেন বলে জানান। পরবর্তীতে একাধিকবার ফোন করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দুই দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় রবিবার সকালে পরিবার সুমনের সঙ্গে যোগাযোগ করলে তিনি সোনাবাজু মুসার ঘাট এলাকায় তুলসি নদীতে খোঁজ নিতে বলেন। একপর্যায়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে অনুসন্ধান চালিয়ে কুদ্দুসের মরদেহ উদ্ধার করেন। তার মাথার সামনের অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।