নাটোরের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত গুরুদাসপুরের ফাহমিদা আফরোজ

আপডেট : ০৩ জুন ২০২৬, ১২:৩২ পিএম

নাটোর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। তার এ অর্জনে গুরুদাসপুর উপজেলাবাসীর মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, প্রশাসনিক দক্ষতা, জনসেবামূলক কার্যক্রম, সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন কর্মকাণ্ডে নেতৃত্ব এবং মাদকবিরোধী কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

গুরুদাসপুরে দায়িত্ব গ্রহণের পর থেকে ফাহমিদা আফরোজ উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় উপজেলায় সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়াও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর আন্তরিকতা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

ফাহমিদা আফরোজের এ সাফল্যে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উপজেলাবাসী আশা প্রকাশ করেছেন, তার দক্ষ নেতৃত্বে গুরুদাসপুর উপজেলা ভবিষ্যতেও উন্নয়ন ও সুশাসনের ধারাবাহিকতা বজায় রেখে আরও এগিয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত