বগুড়া-নাটোর

দুই জেলায় মোতায়ন হচ্ছে ৩৩ প্লাটুন বিজিবি: কর্নেল আরিফুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিভিল প্রশাসনকে সহায়তার লক্ষ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাছাড়া নির্বাচনকে সামনে রেখে বগুড়া ও নওগাঁ জেলায় ৩৩টি প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন হচ্ছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বগুড়া সদরে এসপি ব্রিজ সংলগ্ন মহিলা কলেজ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান ১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

লিখিত বক্তব্যে তিনি জানান, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে দায়িত্ব পালন করছে। নওগাঁ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা বগুড়া ও নওগাঁ জেলার ১৬টি উপজেলার ১০ সংসদীয় আসনে ১৬ বেইজ ক্যাম্পে ৩৩টি প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন হচ্ছে। ইতোমধ্যে শুধুমাত্র বগুড়ায় দায়িত্বপূর্ণ এলাকায় ১২ উপজেলায় ১২ বেইজ ক্যাম্প স্থাপন করে ২৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

অধিনায়ক বলেন, আসন্ন নির্বাচনে বিজিবি দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত এবং ইতোমধ্যে মাঠে অবস্থান করছে তারা। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।

তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। তাছাড়া সকল দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।

সংবাদ সম্মেলনে বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।