জকোভিচের ২৫তম শিরোপা হলো না, অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন আলকারাজ

নোভাক জকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতা এবারো হলো না। ফাইনালে তাকে হারিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস গড়েছেন কার্লোস আলকারাজ। ২২ বছর ২৭২ দিন বয়সে ক্যারিয়ারের চারটি গ্র্যান্ড স্ল্যামই জিতে নেওয়া সবচেয়ে কম বয়সী পুরুষ খেলোয়াড় হলেন আলকারাজ। এর মাধ্যমে তিনি ভেঙে দিলেন ১৯৩৮ সালের ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপে ২২ বছর ৩৬৩ দিন বয়সে রেকর্ড গড়া ডন বাজের মাইলফলক।

রবিবারের ফাইনালে প্রথম সেট হারিয়েও দারুণ প্রত্যাবর্তন করেন শীর্ষ র‍্যাঙ্কিংধারী আলকারাজ। মেলবোর্ন পার্কে জকোভিচকে তিনি হারান ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ ব্যবধানে। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনের ১০টি ফাইনালেই অপরাজিত ছিলেন জকোভিচ।

২২ বছর বয়সী আলকারাস ম্যাচজুড়ে অসাধারণ গতি ও ক্ষিপ্রতায় এমন সব শট ফিরিয়ে দেন, যেগুলো সাধারণত জকোভিচের জন্য নিশ্চিত পয়েন্ট হয়ে যেত। ৩৮ বছর বয়সী প্রতিপক্ষের ওপর শুরু থেকে শেষ পর্যন্ত প্রবল চাপ ধরে রাখেন তিনি।

ফাইনালে নামার আগে দুজনই সেমিফাইনালে পাঁচ সেটের কঠিন লড়াই জিতে এসেছিলেন। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই শিরোপা লড়াইয়ে দুই তারকাই দেখান দুর্দান্ত ফিটনেস, অ্যাথলেটিসিজম ও মানসিক দৃঢ়তা।

সেমিফাইনালে সিনারকে হারিয়ে ফাইনালে ওঠা জকোভিচ ওপেন যুগে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়ার লক্ষ্যেও খেলছিলেন। কিন্তু আলকারাজের বিপক্ষে সেই লক্ষ্য পূরণ হয়নি।

এই শিরোপা জয়ের মধ্য দিয়ে আলকারাসের গ্র্যান্ড স্ল্যাম শিরোপা সংখ্যা দাঁড়াল সাতটিতে। অস্ট্রেলিয়ান ওপেনে এটি তার প্রথম শিরোপা। এর আগে তিনি উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনে দুটি করে শিরোপা জিতেছিলেন।