যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষরিত হবে। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাংলাদেশের ওপর আরোপ করা ২০ শতাংশ পাল্টা শুল্কহার নিয়ে গত আগস্টে দুই দেশের মধ্যে সমঝোতা হলেও চুক্তি হয়নি। এখন ওয়াশিংটনে সেই চুক্তি সই হতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ৫ ফেব্রুয়ারি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ঢাকা ছাড়ছেন। তবে ওয়াশিংটনে যাওয়ার আগে তাঁরা জাপান যাবেন। ৬ ফেব্রুয়ারি টোকিওতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি (বিজেইপিএ) সই হবে। সেখান থেকে তাঁরা ওয়াশিংটনে যাবেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে আজ রবিবার (১ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে।
সচিবালয়ে আজ বাণিজ্যসচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারিখ পেয়েছি। চুক্তির খসড়া এবং এ তারিখে সই করার জন্য অনুমোদন চেয়ে সারসংক্ষেপ পাঠিয়েছি।
পাল্টা শুল্কের হার কত হতে পারে-এমন প্রশ্নের জবাবে বাণিজ্যসচিব বলেন, ২০ শতাংশ আছে। কিছু দেশে একই আছে, আবার কিছু দেশে আছে এর চেয়ে বেশি। আশা করছি হার কিছু কমবে। তবে নিশ্চিত বলতে পারব না ৯ ফেব্রুয়ারির আগপর্যন্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
জাপানের সঙ্গে ইপিএ নিয়ে গত ২২ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছিল, চুক্তি স্বাক্ষর হলে প্রথম দিন থেকেই বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে। অন্যদিকে জাপানের ১ হাজার ৩৯টি পণ্য বাংলাদেশের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।