আসছে জুনে ইংল্যান্ডে বসবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তারই বাছাই পর্ব শেষ হলো নেপালে, যেখানে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে বাংলাদেশের মেয়েরা। কয়েক বছর আগে নিগার সুলতানা জ্যোতি একবার বলেছিলেন, বাছাই পর্বের অনিশ্চয়তা তার ভালো লাগে না। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সফলতম দলটার নাম বাংলাদেশ, এ নিয়ে চারবার বাংলাদেশ বাছাই পর্বের সেরা দল আর একবার হয়েছে রানারআপ। স্পষ্টই বোঝা যাচ্ছে, বাছাইপর্ব আর বাধা হতে পারছে না বাংলাদেশের জন্য, প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটা এখানে বড্ড বেশি বেমানান।
অন্যদিকে বড় দলের সঙ্গে বাংলাদেশের পারফরম্যান্স অতটা ভালো নয় যে আইসিসি র্যাংকিংয়ের শীর্ষ আটের ভেতর জায়গা করে নেওয়া যায়। অগত্যা বাছাই পর্ব খেলতেই হয়। এবারও বাছাই পর্বে পাঁচটিা ম্যাচ জিতেছে বাংলাদেশ। তবে চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়ার পর অধিনায়ক জ্যোতির আশা, স্রেফ অংশগ্রহণের জন্য না খেলে ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যাওয়া, যাতে করে সেখানে ম্যাচ জেতা যায়।
শেষ ম্যাচটায় বাংলাদেশ হারিয়েছে নেদারল্যান্ডসের মেয়েদের। টস জিতে আগে ব্যাট করে ডাচ মেয়েরা ৬ উইকেটে ১০২ রান তোলে। ১০ রানে ৩ উইকেট নেন নাহিদা আকতার। জবাবে জ্যোতির অপরাজিত ৫০ রান আর সোবহানা মুশতারির ৩৩* রানের ইনিংসে ভর করে ১৬ দশমিক ৪ ওভারে ৩ উইকেটে ১০৫ রান তুলে জয় ছিনিয়ে নেয়। পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নিশ্চিত করেছে ইংল্যান্ডের টিকিট। তবে এবার স্রেফ বিলেতযাত্রার জন্যই যেতে চান না জ্যোতি, জয়ের সম্ভাবনা অর্জনে চাইছেন মানসম্মত প্রস্তুতি, ‘আমার কাছে তার জন্য মনে হয় যে আমাদের প্রস্তুতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা চাইব যে এর আগে কিছু যদি আন্তর্জাতিক ম্যাচ খেলে যেতে পারি। কারণ এর আগে যত ধরনের টুর্নামেন্ট হয়েছে, এর আগে ওভাবে নিজেদের প্রস্তুত করতে পারিনি। যতটুকু পেরেছি, হয়তোবা দেশে সর্বোচ্চ সুবিধা নিয়ে আমরা করতে পেরেছি। তবে যেটা আমার কাছে মনে হয়, আমাদের জন্য বড় একটা সুযোগ থাকবে যে, শুধু আমরা অংশগ্রহণ করার জন্য ইংল্যান্ড যাব না, ওখানে ম্যাচ জিততে চাই’ বিসিবির মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় জানিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক।
বিপিএল, এনসিএল টি-টোয়েন্টির আদলে মেয়েদের জন্যও ফ্র্যাঞ্চাইজি লিগ বা প্রতিদ্বন্দ্বিতামূলক ঘরোয়া প্রতিযোগিতা চান জ্যোতি ‘অবশ্যই একটা মনে রাখার মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের দেশের জন্য উপহার দিতে চাই। আর এর জন্য আমার কাছে মনে হয় দল হিসেবে এবং ব্যক্তিগতভাবে চাওয়া যদি বিশ্বকাপের আগে আমাদের কেউ... আমরা যদি একটা টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলতে পারি, যেমন কোনো ফ্র্যাঞ্চাইজি লীগ হোক বা কোনো টুর্নামেন্ট হোক। আমার কাছে মনে হয়, দলকে এটা অনেক বেশি উজ্জীবিত করবে এবং আমাদের প্রস্তুতির জন্য অনেক ভালো হবে।’