অনন্তলোকে পাড়ি দিয়েছেন ক্রীড়াব্যক্তিত্ব মোস্তফা কামাল। রবিবার ভোরে রাজধানীর শান্তিনগরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত নানা জটিলতা ও কিডনির সমস্যার সঙ্গে লড়াই করছিলেন দীর্ঘদিন। ৮৮ বছর বয়সে থামল সে লড়াই। নোয়াখালীতে জন্ম নেওয়া মোস্তফা কামাল ষাটের দশকে ঢাকার খেলার মাঠকে মাতিয়ে রেখেছিলেন। ১৯৬২ থেকে ১৯৬৫ পর্যন্ত মোস্তফা কামাল দাপটের সঙ্গে ঢাকার প্রথম বিভাগ ফুটবলে খেলেছেন আজাদ স্পোর্টিং ক্লাবে। এরপর ১৯৬৬ সালে নাম লেখান ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে। সাদা-কালো জার্সিতে কাটানো চার বছরের মধ্যে দুবারই তিনি লিগ চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছেন। শুধু ফুটবল নয়, ভলিবল কোর্টেও মোস্তফা কামাল ছিলেন অপ্রতিরোধ্য। ১৯৬৩ থেকে ১৯৭০ পর্যন্ত পূর্ব পাকিস্তান ভলিবল দলের অপরিহার্য সদস্য ছিলেন তিনি এবং ১৯৬৮ সালে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক হিসেবে।