বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, যারা মিথ্যাচার করছেন ইহকাল ও পরকালে তাদের জবাব দিতে হবে। কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না। গতকাল রবিবার রাজধানীর খিলগাঁও বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিকেলে আউটার সার্কুলার রোড, রাজারবাগ গ্লোব নিবাস এবং নাভানা বিল্ডিংয়ের পাশে উঠান বৈঠক করেন। রাতে তিনি পিডব্লিউডি (পলওয়েল মার্কেটের পেছনে) স্টাফ কোয়ার্টারের ভেতরে গণসংযোগ করেন এবং পরে মিলনমেলায় অংশ নেন।
নির্বাচনের পরিবেশ কেমন এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, পরিবেশ ভালো না। কারণ, আচরণবিধিতে উল্লেখ আছে কারও বিরুদ্ধে আক্রমণাত্মক বা উসকানিমূলক কথা বলা যাবে না। কিন্তু আমার এখানে হচ্ছে। টার্গেট কিন্তু আমি। আর কাউকে টার্গেট করছে না। ইসির দায়িত্ব হচ্ছে এসব বিষয়ের দিকে নজর দেওয়া। নির্বাচন কমিশন পক্ষপাত অবলম্বন করছে। এত অপবাদ ও মিথ্যাচার করার পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন!
গতকাল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী পথসভায় ওই আসনে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম বলেন, যাদের জনগণের মধ্যে কোনো অবস্থান নেই, অতীতেও যারা ভোট পায়নি এবং ভবিষ্যতেও পাবে না, তারাই নির্বাচনে ভরাডুবির আশঙ্কা থেকে বিএনপির বিরুদ্ধে আবল-তাবল বক্তব্য দিচ্ছে।
গতকাল রাজধানীর খিলগাঁওয়ের ৩ নম্বর ওয়ার্ডে রোজ গার্ডেন সোসাইটির সঙ্গে মতবিনিময় সভায় ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন এ দেশের রাজনীতি স্থিতিশীল করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই নির্বাচন শুধু একটি নির্বাচন নয়। বহু সহযোদ্ধা রক্ত দিয়েছেন, অনেকেই এখনো নিখোঁজ। তাদের ত্যাগের বিনিময়ে আমাদের অবশ্যই নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ করতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ নিরাপদ জীবনযাপন করবে, শিশু ও তরুণরা সুন্দর পরিবেশে লেখাপড়া করবে, আর নাগরিকরা মৌলিক সুবিধা পাবে।