ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক উল্টে দুই মৌ চাষী নিহত

মাদারীপুরের রাজৈরে ট্রাক উল্টে খাদে পড়ে দুই মৌ-চাষী নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুরের সরিষাবাড়ীর বিলবালিয়া গ্রামের রানা (২৭) ও একই উপজেলার সামর্থবাড়ী গ্রামের লিখন (১৮)।

প্রত্যক্ষদর্শীর বরাতে মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, মধু সংগ্রহের উদ্দেশ্যে ট্রাক মৌচাক নিয়ে যশোর থেকে মাদারীপুরের ঘটকচর যাচ্ছিলেন মৌচাষী রানা ও লিখন। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে এসে ট্রাকটি উল্টে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রানা ও লিখন নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।