বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনে ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রত্যেক নাগরিকের কিছু সাংবিধানিক অধিকার আছে। সেই অধিকারগুলো যতদিন পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না করতে পারব, ততদিন পর্যন্ত গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। আর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ না দিতে পারলে ক্ষমতার পালাবদল হলেও নেতাদের চরিত্রের উন্নতি হবে না।
আজ সোমবার বিকেলে ঢাকা-৩ আসনে জিনজিরা ঈদগা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের সকলের ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন পথ থাকতে পারে। তবে দেশের স্বাধীনতা আর সার্বভোমত্বের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। আগামী নির্বাচনে নির্বাচিত হলে কেরানীগঞ্জকে নিয়ে সুন্দর কেরানীগঞ্জ গড়ার লক্ষে মাস্টারপ্ল্যান করার ঘোষণা দেন তিনি।
পরিকল্পিত মডেল কেরানীগঞ্জ গড়ে আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স ট্রেনিং সেন্টার, উন্নত শিক্ষার ব্যবস্থা, রাস্তাঘাট করা হবেও বলে জানান তিনি। সাধারণ ভোটারদের ১২ তারিখে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভোট আপনাদের নাগরিক অধিকার, ভোট আমাকে না দেন, যাকে খুশি দেন তাও ভোটটা দিয়েন। এই ভোট দেওয়ার জন্য দেশের জনগণ দীর্ঘদিন লড়াই করেছে।
সমাবেশে অংশ নিয়ে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, নাহিদ-সারজিসদের ওপর বাংলাদেশের তরুণ প্রজন্ম ভরসা করেছিল। কিন্তু তারা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে জোট করে জামায়াতে আমিরের সঙ্গে নারীদের চরিত্র হরণে লিপ্ত হয়েছে। যে জোটের কাছে নারীদের সম্মান থাকে না, তাদের কাছে এই বাংলাদেশ নিরাপদ না। আগামী নির্বাচনে জনগণকে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।