মামুনুল হক

মানুষ ১১ দলীয় প্রার্থীদের ব্যালটে সিল মারতে হাত পাকিয়ে বসে আছে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, এবারের নির্বাচন হবে বাংলাদেশের গণমানুষের কাছে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন। এবারের নির্বাচন হবে সংস্কারের নির্বাচন, এবারের নির্বাচন হবে পরিবর্তনের বাংলাদেশ গড়ার নির্বাচন।

আজ সোমবার সন্ধ্যায় মাদারীপুর শকুনি লেকেরপাড় মুক্তমঞ্চে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসন (রাজৈর-মাদারীপুর) সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুস সোবহানের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

মামুনুল হক বলেন, আমরা হাতে-হাত রেখে এগিয়ে চলছি বাংলাদেশের এক অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া দেখছি মানুষ যারা ১৭ বছর ভোট দিতে পারে নাই তারা ১১ দলীয় প্রার্থীদের ব্যালটে সিল মারার জন্য হাত পাকিয়ে বসে আছে। তারা দাঁড়িপাল্লা, রিকশা, শাপলা কলি, দেয়াল ঘড়ি, ছাতা, ঈগল পাখিতে সিল মারবে এভাবে গোটা বাংলাদেশের মানুষ আজ তারা নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয়ী করার জন্য বাংলাদেশে এক জাগরণ সৃষ্টি হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাড. শাকিল আহমেদ, জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আবদুস সোবহান খান, মাদারীপুর-২ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী মুফতি আব্দুস সোবহান, মাদারীপুর-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মোকলেছুর রহমান, সেক্রেটারি এনায়েত হোসেনসহ ১১ দলীয় নেতাকর্মীবৃন্দ।