বিসিবির পদত্যাগীরা ফের স্বপদে বহাল

পদত্যাগ এবং পুনরায় পদায়ন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডিং কমিটিগুলোতে চলছে এই নাটক। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ হারিয়েছিলেন এম নাজমুল ইসলাম। তিনি স্বপদে বহাল তবিয়তে ফিরেছেন। ম্যাচ ফিক্সিং বিতর্কে জড়ানো পরিচালক মোখলেসুর রহমান শামীমের ব্যপারে তদন্ত করছেন অ্যালেক্স মার্শাল, এমনটাই জানিয়েছিলেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। সেই শামীম সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিলেও ঠিকই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়মিত আসা যাওয়া করছেন, যেখানে নিরাপত্তার অজুহাতে সাংবাদিকদের প্রবেশ বন্ধ রেখেছে বিসিবি। সোমবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটার মুহূর্তে বুলবুলের পাশে দেখা গেছে দুই বিতর্কিত পরিচালককে।

ম্যাচ পাতানোর ফোনালাপ ফাঁস হয়েছে মোখলেসুর রহমান শামীমের। তার ব্যপারে মিঠু সাংবাদিকদের জানিয়েছিলেন, 'ফিক্সিং বা আকুর ব্যাপারে এবার আমরা একদম কড়াকাড়িতে ছিলাম। যতটা সম্ভব ছিল সেভাবে কাজ করা হয়েছে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে যতটা সর্বোচ্চ পর্যায়ে কাজ করা হয় সেভাবে কাজ করা হয়েছে। এখান থেকে একটা জিনিস বের হয়েছে, এক ভদ্রলোক, বিসিবি পরিচালকের ফোন কনভারসেশন বের হয়েছে। এখন এটা ফিক্সিংয়ের সাথে জড়িত না চেষ্টা করেছে এটা তো আমাদের ব্যাপার না, এটা অ্যালেক্স মার্শালের কাছে পাঠানো হয়েছে। মার্শাল এটাকে তদন্ত করছে। আমাদের এইটুকু সময় দিতে হবে। এরপর মার্শাল কামব্যাক করবে (তদন্ত নিয়ে)। এখানে তার কোনো রিপোর্টে কমতি থাকবে না। আমাদের যে ২৫ জন পরিচালক আছে। দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তো একরকম ধারণা। আমি বলতে চাই, এখানে কোনো লুকোচুরি থাকবে না।’ শামীম বিসিবি'র অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন, বিসিবি'র ওয়েবসাইটে এখনো এই দায়িত্বে তার নামই আছে। বিসিবি সভাপতির সঙ্গেও তাকে দেখা গেছে জন্মদিনের কেক কাটার আয়োজনে ফ্রেমবন্দী হতে, যেখানে অন্য পরিচালকরাও ছিলেন।

নাজমুলের পদত্যাগ চেয়ে বিপিএলের ঢাকা পর্বের প্রথম দিনের দুটো খেলা বন্ধ রেখেছিলেন ক্রিকেটাররা। অনেক দর্শক টাকা দিয়ে টিকেট কেটে খেলা না দেখে ফিরে গেছেন। কেউ খেয়েছেন আইনশৃংখলা বাহিনীর লাঠির আঘাত। একদিনের ধর্মঘটের পর খেলোয়াড়রাও ফিরেছেন খেলায়, নাজমুলও ফিরেছেন আগের পদে। সোমবার বিসিবি'র পক্ষ হতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, বিসিবি'র একজন কর্মচারীকে অনুদান দেয়ার তথ্য। সেখানেই জানান হয়েছে অনুদান প্রদান কালে উপস্থিত ছিলেন বিসিবি'র ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। বিজ্ঞপ্তির সঙ্গে পাঠানো ছবিতেও নাজমুলের উপস্থিতি। অর্থাৎ এত কিছুর পর নাজমুল ফের স্বপদে বহাল। মাঝে শুধু পদত্যাগের নাটক।