ঝালকাঠিতে শীতার্তদের পাশে ‘বাফলা চ্যারিটি’

ঝালকাঠির হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাফলা চ্যারিটি। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেসের অর্থায়নে পরিচালিত এই সংগঠনের উদ্যোগে সদর উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার বেরমহল হাচান মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম।

মুহাইমিন লস্কর আশিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার ও শিক্ষক আবদুল হালিম লস্কর। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক লস্কর।

শীতবস্ত্র বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি লস্কর আল মামুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে গ্রামাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। এ সময় সমাজের সচেতন ও সামর্থ্যবান মানুষদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সহায়তা শীতার্ত মানুষের জন্য বড় ভরসা হয়ে ওঠে। প্রবাসীদের অর্থায়নে পরিচালিত বাফলা চ্যারিটির এই উদ্যোগ বেরমহল এলাকার দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বক্তারা আরও বলেন, পরবাসের কর্মব্যস্ত জীবন, যান্ত্রিকতা আর হাজার মাইলের দূরত্ব—কোনো কিছুই বাধা হতে পারেনি দেশের মানুষের প্রতি নিখাদ ভালোবাসার কাছে। জন্মভূমির টানে নিজেদের কষ্টার্জিত আয়ের একটি অংশ দেশের অসহায় মানুষের কল্যাণে ব্যয় করে এই যুক্তরাষ্ট্র প্রবাসীরা প্রমাণ করছেন যে, প্রবাসে থাকলেও তাদের হৃদয় পড়ে থাকে বাংলার সবুজ শ্যামল প্রান্তরেই। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখা প্রয়োজন। এতে সমাজে সহমর্মিতা ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হবে। প্রবাসে থেকেও নাড়ির টানে দেশের মানুষের জন্য এই ভালোবাসা সত্যিই অনুকরণীয়। এ ধরনের উদ্যোগ সমাজের বিত্তবানদেরও উৎসাহিত করবে।

অনুষ্ঠানে কয়েকশ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।