নতুন চুক্তি প্রত্যাখ্যান করে আল হিলালে যোগ দিলেন বেনজেমা

আল ইত্তিহাদের দেওয়া নতুন চুক্তি প্রত্যাখ্যানের পর সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন ফরাসি তারকা করিম বেনজেমা। গতকাল সোমবার আল-হিলাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, ‘করিম বেনজেমা এখন হিলালি।’ মরক্কোর ফরোয়ার্ড ইউসুফ এন-নেসিরি আল ইত্তিহাদে বেনজেমার জায়গায় খেলবেন।

৩৮ বছর বয়সী বেনজেমার আল ইত্তিহাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে ছয় মাস বাকি ছিল। তবে ক্লাবের প্রস্তাবিত নতুন চুক্তিকে তিনি ‘অসম্মানজনক’ মনে করে প্রত্যাখ্যান করেন। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আল ইত্তিহাদের প্রস্তাব অনুযায়ী তাকে কার্যত বিনা পারিশ্রমিকে খেলতে হতো।

ইউরোপের কয়েকটি ক্লাব থেকে প্রস্তাব পেলেও বেনজেমা সৌদি আরবেই থাকতে চেয়েছেন। কারণ, সেখানে তার ইমেজ রাইটস চুক্তি ২০৩০ সাল পর্যন্ত কার্যকর। বেনজেমার দলবদলটি প্রথমে সৌদি ক্রীড়া মন্ত্রণালয় ও পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) কারণে বিলম্বিত হলেও শেষ দিনে এসে সমস্যার সমাধান হয়।

উল্লেখ্য, আল হিলাল সৌদি আরবের সবচেয়ে সফল ক্লাব। তাদের ঝুলিতে ২১টি লিগ শিরোপা ও চারটি এশিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা আছে। এদিকে শোনা যাচ্ছে, বেনজেমার আল হিলালে যোগ দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি মনে করেন পিআইএফ আল নাসরে পর্যাপ্ত বিনিয়োগ না করে অন্য ক্লাবকে সুবিধা দিচ্ছে। প্রতিবাদ হিসেবে তিনি আল রিয়াদের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানান।