নওগাঁয় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর বদলগাছীতে নুপুর নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খামার পুকুরপাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুপুর (২৬) ওই এলাকার বাবু শাহ হোসেনের মেয়ে ও এব সন্তানের জননী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ থেকে ৭ মাস আগে একই ইউনিয়নের মিঠাপুর বওলাপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে শাহারিয়া বর্ষার সঙ্গে নুপুরের বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক মতবিরোধের কারণে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

নিহতের পরিবার অভিযোগ করে জানায়, সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নুপুরের শ্বশুর দুলাল হোসেন, শাশুড়ি দিনা বেগম ও খালা শাশুড়ি বিলকিস বাড়িতে এসে নুপুরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাকে মারধর করে চলে যান। ওই রাতে নুপুর তার মায়ের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে ঘুম ভেঙে গেলে মা আন্জুয়ারা বেগম মেয়েকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির উঠানে পেয়ারা গাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় নুপুরকে দেখতে পান। তার চিৎকারে  ঘরের লোকজন ও প্রতিবেশী এগিয়ে এসে নুপুরকে উদ্ধার করে।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।