ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালের গণফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সেলিম আকবর। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
এ সময় জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর বলেন, শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরের ৫ লাখ ভোটারের অভিভাবক হবেন। তিনি জনগণের জন্য কাজ করবেন, আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করবো এটাই আমাদের প্রত্যাশা।
তিনি বলেন, আমরা দলীয়ভাবে তাকে সমর্থন দিয়ে বিজয়ী করে আনবো। এরপর সবাই মিলে একটি সুন্দর চাঁদপুর গড়ে তুলতে পারবো।
বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, গণফোরাম ২০১৮ সাল থেকেই বিএনপির সঙ্গে রয়েছে। তারা আমাদেরকে সমর্থন দিয়েছে এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
তিনি বলেন, ড. কামাল হোসেন, যিনি নিজ হাতে বাংলাদেশের সংবিধান রচনা করেছেন, তাকে শেখ হাসিনা অপমান করেছেন। তখন যদি শেখ হাসিনা ড. কামালের কথা শুনতেন, তাহলে আজ তাদের এই পরিস্থিতি হতো না।
জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবরের বক্তব্যের প্রেক্ষিতে তিনি আরও বলেন, আপনাদের সকলের সমর্থন ও সহযোগিতায় যদি আমি চাঁদপুর-৩ আসনে এমপি নির্বাচিত হই, তাহলে ধরে নেবেন তারেক রহমানও এ দেশের প্রধানমন্ত্রী।
সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, গণফোরামের যুগ্ম সম্পাদক বাসুদেব মজুমদারসহ চাঁদপুর জেলা বিএনপি ও জেলা গণফোরামের নারী নেত্রী ও অন্যান্য নেতারা।