সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাকডাঙ্গা এলাকায় নিখোঁজের তিন দিন পর আব্দুল মজিদ (৭০) নামের এক বৃদ্ধ কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।
পরিবারের বরাতে কলারোয়া থানার অফিসার ইনচার্জ-ওসি এইচ এম শাহীন জানান, গত তিন দিন ধরে আব্দুল মজিদ নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাননি। সোমবার সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি বাগানের ভেতর গাছে তার মরদেহ ঝুলতে দেখে পরিবারকে খবর দেন। পরে স্বজনরা গিয়ে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় উদ্ধারের সময় মরদেহে পচন ধরেছিল।
ওসি এইচ এম শাহীন বলেন, খবর পেয়ে কলারোয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পাশাপাশি লাশের সুরতহাল সম্পন্ন করে। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।