এবার ফাহমিদা নবীর সঙ্গে ইমরান  

২০২৪ সালের মাঝামাঝিতে এস এম কাইয়ুম পরিচালিত সিনেমা ‘অন্তর্বর্তী’র একটি গানে কণ্ঠ দিয়েছিলেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। সেই সিনেমারই আরেকটি নতুন গান গাইলেন তিনি।এবার তার সহশিল্পী হিসেবে যুক্ত হয়েছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এই প্রথম কোনো গানে একসঙ্গে শোনা যাবে ফাহমিদা নবী ও ইমরানকে। 

‘তোর ঋণ’ শিরোনামের গানটির কথা লিখেছেন নির্মাতা এস এম কাইয়ুম। সুর করেছেন রাহুল কুমার দত্ত এবং সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। এরই মধ্যে মুশফিক লিটুর স্টুডিওতে ফাহমিদা নবীর কণ্ঠ ধারণ সম্পন্ন হয়েছে। নির্মাতা জানান, চলতি সপ্তাহেই ইমরানের অংশের রেকর্ডিং শেষ হবে। 

নতুন গানটি নিয়ে ফাহমিদা নবী বলেন, ‌‘গানটি ছোট ছোট কথায় গাঁথা একটি মিষ্টি প্রেমের গান। কাজের পরিবেশ এবং পুরো টিমের পেশাদারিত্ব মুগ্ধ করেছে। ইমরানের সঙ্গে এই প্রথম গাওয়ার অভিজ্ঞতাও দারুণ।’ 

এর আগে ‘অন্তর্বর্তী’ সিনেমায় ফাহমিদা নবী কণ্ঠ দিয়েছিলেন ‘থাক না দূরের হয়ে’ শিরোনামের আরেকটি গানে। সেই গানেরও কথা ছিল এস এম কাইয়ুমের, সুর করেছিলেন রাহুল কুমার দত্ত এবং সংগীত আয়োজন ছিল পিন্টু ঘোষের। গানটি ত্রিভুজ প্রেম ও চরিত্রগুলোর মানসিক শূন্যতার অনুভূতি তুলে ধরেছিল।