নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীরা। এতে করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
টানা পঞ্চম দিনের মতো মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা। পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, গত ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কর্মকর্তা-কর্মচারীরা চরম আর্থিক সংকটে রয়েছেন। নবম পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের হাতে থাকা এবং বাজেটে অর্থের সংস্থান থাকা সত্ত্বেও গেজেট প্রকাশে গড়িমসি করা হচ্ছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি মো. আবুবকর সিদ্দিক, ডেপুটি রেজিস্ট্রার ড. মো. শফিকুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধিরা।