ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বুধবার (৪ ফেব্রুয়ারি) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জনসভায় অংশ নেবেন।
জামায়াত সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টায় হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ সংলগ্ন হেলিপ্যাড মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আয়োজকরা জানিয়েছেন, জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে।
ডা. শফিকুর রহমানের এ সফরে লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে।
লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মো. আনোয়ারুল ইসলাম রাজু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার দুপুর ১২টায় হাতীবান্ধার হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এদিকে লালমনিরহাট জেলা জামায়াতের আমির এবং লালমনিরহাট-৩ (সদর) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. আবু তাহের জানান, শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের আমিরের আগমনকে ঘিরে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে।
জনসভায় আরও বক্তব্য রাখবেন লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. ফিরোজ হায়দার লাভলু।
জনসভাকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে হাতীবান্ধা উপজেলা ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।