নির্বাচন ও গণভোট ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করতে শরীয়তপুর সফর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্ত:প্রাতিষ্ঠানিক সমন্বয় ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন সেনাপ্রধান।
এসময় পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। এছাড়াও 'ইন এইড টু দ্য সিভিল পাওয়ার' এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন সেনাপ্রধান।
এসময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ অসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।