দীর্ঘ প্রায় ছয় বছর অপেক্ষার অবসান ঘটিয়ে বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। কারাবাও কাপের সেমিফাইনালে চেলসিকে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে হারিয়ে ওয়েম্বলিতে জায়গা করে নিয়েছে মিকেল আর্তেতার দল।
২০২০ সালে এফএ কাপ জয়ের পর এটিই আর্তেতার অধীনে আর্সেনালের প্রথম বড় ফাইনাল। সেইসঙ্গে কোচ হিসেবে তার সময়ে মাত্র দ্বিতীয় ফাইনাল। ৪টি সেমিফাইনালে ব্যর্থতার পর এবার ফাইনালে পৌঁছানো আর্সেনালের জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
ম্যাচটি টানটান উত্তেজনাপূর্ণ হলেও আক্রমণে খুব বেশি ঝলক দেখা যায়নি। উভয় দলই মাত্র দুটি করে শট অন টার্গেটে নিতে সক্ষম হয়। তবে যোগ করা সময়ে কাই হাভার্টজের গোল আর্সেনালের ফাইনাল নিশ্চিত করে দেয়। আগামী ২২ মার্চ কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি অথবা নিউক্যাসলের মুখোমুখি হবে আর্সেনাল। সিটির মুখোমুখি হলে ২০১৮ সালের ফাইনালের পুনরাবৃত্তি হবে, যেখানে আর্তেতা তখন পেপ গার্দিওলার কোচিং স্টাফের সদস্য ছিলেন।
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, 'আমাদের স্টেডিয়ামে বিশেষ একটা পরিবেশ ছিল। এই মুহূর্তে পৌঁছাতে আমরা কয়েক বছর অপেক্ষা করেছি। এমন মুহূর্ত উপভোগ করাটা সত্যিই জাদুকরী।'
মিডফিল্ডার ডেকলান রাইস বলেন, 'গত কয়েক বছর আমরা খুব কাছাকাছি গিয়েও শিরোপা জিততে পারিনি। তাই এবার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার তীব্র ইচ্ছা আমাদের আছে।'
বর্তমানে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল লিগে ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার পাশাপাশি এফএ কাপেও টিকে আছে। সাম্প্রতিক বছরগুলোতে আর্সেনালের পথচলা ছিল ‘কাছাকাছি গিয়েও ব্যর্থ’ হওয়া। এবার শিরোপা থেকে এক ধাপ দূরে দাঁড়ানো দলটির সমর্থকদের প্রশ্ন- ‘নিয়ারলি ম্যান’ তকমা কি সত্যিই ঘুচতে যাচ্ছে?