ইয়ামাল, রাশফোর্ড ঝলকে কোপা দেল রে’র সেমিফাইনালে বার্সেলোনা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম

কোপা দেল রের শেষ আটে আলবাসেতেকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচে তরুণ তারকা লামিনে ইয়ামাল গোল করেন। দলের দ্বিতীয় গোলটিতে সহায়তা করেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে আলবাসেতের কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের ৩৯ মিনিটে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন ১৮ বছর বয়সী ইয়ামাল। ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস থেকে পাওয়া সুযোগ তিনি কাজে লাগান। বিরতির পর ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ড আরাউহো। রাশফোর্ডের নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন বার্সেলোনার এই ডিফেন্ডার।

ম্যাচের শেষ দিকে কিছুটা উত্তেজনা সৃষ্টি করে আলবাসেতে। ৮৭ মিনিটে কার্লোস লাজোর ক্রস থেকে হাভি মোরেনো একটি গোল শোধ করেন। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। ম্যাচের শেষ সময়ে ফেরান তোরেসের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ফলে ২-১ ব্যবধানের জয় নিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করে হান্সি ফ্লিকের দল।

উল্লেখ্য, এই ম্যাচ দিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল ও অ্যাসিস্ট- দুই ক্ষেত্রেই ডাবল ফিগারে পৌঁছানো লা লিগার তৃতীয় খেলোয়াড় হলেন রাশফোর্ড। আর ইয়ামালের ম্যাজিক যেন থামছেই না। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত