বগুড়ার শাজাহানপুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি ৯ এমএম বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ অপরাধচক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফের (৪০ বীর) নেতৃত্বে শাজাহানপুর থানাধীন আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনা পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় শাবরুল বাগিনা পাড়া গ্রামের বাসিন্দা মো. আতিকুর রহমান ওরফে আতিকের (৩৫) বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৯ এমএম বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আতিকুর রহমান মনসুর রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রটি তার কাছে কীভাবে এসেছে, সে বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এসব তথ্য যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।
যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে কোনো সংঘবদ্ধ সন্ত্রাসী কিংবা অপরাধী চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে অস্ত্রটি কোথা থেকে এবং কীভাবে এসেছে, তা শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার যুবককে শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর হাতে অস্ত্র ও গুলিসহ আটক যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।