নির্বাচনে উপকূলীয় এলাকায় ৫ হাজার নৌ সদস্য মোতায়েন

নির্বাচনকে ঘিরে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর সাতটি যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী কার্যক্রম পরিচালনায় নিয়োজিত থাকবেন ৫ হাজার নৌবাহিনী সদস্য। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) কুতুবদিয়া নৌবাহিনী কন্টিনজেন্ট পরিদর্শন শেষে নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নৌবাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নৌবাহিনীর সদস্যরা নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে কাজ করছেন।

নৌবাহিনী প্রধান বলেন, নির্বাচন ঘিরে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নৌবাহিনী কঠোর অবস্থান বজায় রাখবে। উপকূলীয় ও নদী-সমুদ্রের এলাকায় নির্বাচনী পরিবেশ অক্ষুণ্ন রাখতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

কুতুবদিয়ায় এক মতবিনিময় সভায় তিনি বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এতে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট, আঞ্চলিক সমন্বয়ক, পুলিশ সুপার, উপজেলা নির্বাচনী কর্মকর্তা, উপজেলা আনসার কর্মকর্তা, র‍্যাব-১৫ এর অধিনায়ক, নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার ও নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।