কেউ বিকাশ নম্বর চাইলে তাকে পুলিশে দেবেন: রবিন

ঢাকা-৪ আসনের (শ্যামপুর-কদমতলী) বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, আমরা লক্ষ্য করেছি একটি নির্দিষ্ট দলের লোক বাড়িতে বাড়িতে এসে টাকা দিচ্ছে, বিকাশ নম্বর চাইছে। এদেরকে দেখলেই পুলিশে দিয়ে দিন।

তিনি বলেন, যার ভোট তার কাছে আমানত। এই আমানতের হেফাজত আপনাকেই করতে হবে। আমরা কোনও মানুষকে জোরপূর্ব প্রভাবিত করতে চায় না। যার যাকে ইচ্ছা সে তাকেই ভোট দেবে। বিএনপি কাউকে প্রভাবিত করে না বিএনপি দেশের মানুষের জন্য স্বপ্ন দেখে সেই অনুযায়ী পরিকল্পনা করে এবং বাস্তবায়ন করে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা-৪ আসনের শ্যামপুর থানাধীন ৫৪ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারণার সময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে এক পথসভায় তিনি এ কথা বলেন।

এলাকার মানুষের দাবির কথা তুলে ধরতে গিয়ে রবিন বলেন, আপনাদের সব থেকে বড় দাবি ছিল এই এলাকার রেল লাইনের পাশ দিয়ে যে রাস্তাটি প্রবাহিত হয়েছে তা প্রশস্ত করা কারণ এই রাস্তা দিয়ে একটি অ্যাম্বুলেন্স ভেতরে আসার মতো পরিবেশ নেই। আমি কথা দিচ্ছি- নির্বাচিত হলে নিজে দাঁড়িয়ে থেকে ওই রাস্তা প্রশস্ত করব।

একটি ভণ্ড রাজনৈতিক দল নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, আপনারা দেখেছেন বারবার বিতর্কিত কাজের মাধ্যমে একটি নির্দিষ্ট দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে। তাদের দলীয় প্রধান আমার মা-বোনেদের যারা কর্মজীবী আছেন তাদের পতিতালয় নারীদের সঙ্গে তুলনা করে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চেয়েছে। এ ছাড়া ভোটারদের কাছে গিয়ে তারা বিভিন্ন রকম প্রলোভন দেখাচ্ছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুতি জনগণের মাঝে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথা বলে তিনি বলেন, আমি আমার এলাকার ক্ষমতা সাধারণ মানুষের মাঝে দিয়ে দিতে চাই বিশেষ করে আমার মুরুব্বিদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। এলাকার সবাই মিলে সমস্যা চিহ্নিত করে তা সঙ্ঘবদ্ধ কাজের মাধ্যমে সমাধান করলে সহজেই সমাধান করা সম্ভব হবে।

নিজের করা বিশটি অঙ্গীকারের সবগুলোই সাধারণ মানুষের কথা উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে যখনই আপনাদের মাঝে যাওয়ার সুযোগ হয়েছে তখন থেকেই আমি আপনাদের কাছে গিয়েছি আপনাদের কথা শুনেছি এবং আপনাদের দেওয়া কোথা থেকে বিশটি অঙ্গীকার করেছি আমি এই অঙ্গীকার নিয়েই সবার আগে কাজ করতে চাই যেন আপনাদের সমস্যাগুলোর সমাধান সবার আগে হয়।