মুন্সীগঞ্জ-১ আসন

আ. লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের ধানের শীষে ভোট চাওয়ার ভিডিও ভাইরাল

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন জেলার সিরাজদীখান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। এক ভিডিও বার্তায় ওই আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ধানের শীষ প্রতীকে এ ভোট প্রার্থনা করেছেন। ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল থেকে এই ভিডিওটি ছড়িয়ে পড়ে ফেসবুকে। আজ বুধবার দিনভর এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নৌকা প্রতীক নিয়ে উপজেলার বাসাইল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে বলতে শোনা গেছে, এবার বাংলাদেশে অন্য কোনো দল নেই। স্বাধীনতার পক্ষের দল একটাই। সেটা হলো বিএনপি। আপনারা এবার সবাই ধানের শীষে ভোট দেবেন। আমার বাসাইল ইউনিয়নবাসী যারা আছেন, আমার সমর্থক যারা আছেন—সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ করে বলছি, এবার সবাই ধানের শীষে ভোট দেবেন।

আ. লীগ ও নেতা ইউপি চেয়ারম্যানের ভিডিওর পেছনে একটি ব্যানার দেখা গেছে। তা থেকে জানা গেছে, ভিডিওটি বাসাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বসে ধারণ করা হয়েছে। 

ভিডিওতে আ. লীগ নেতা বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ সম্পর্কে তিনি বলেন, আব্দুল্লাহ ভাই একজন ভালো লোক। তার সরকারের বরাদ্দের দিকে লোভ নেই। কারণ আমি জানি তিনি পরিপূর্ণভাবে অর্থবান। তিনি কোনো দিন সরকারি বরাদ্দের দিকে নজর দেবেন না।

তিনি আরও বলেন, বাসাইল ইউনিয়নের লোক আমাকে অত্যন্ত ভালোবাসে। আমাকে তারা অনেক স্নেহ করে। তাই আমি পাঁচ বছরে একবার আপনাদের কাছে আসি শুধু একটি ভোটের জন্য। আর পাঁচ বছর আপনাদের পেছনে শ্রম দিই।

প্রসঙ্গত, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে জুলাই গণঅভ্যুত্থানের দুটি হত্যা মামলার আসামি। একই সঙ্গে তার বিরুদ্ধে জেলার সিরাজদীখান থানায় রাষ্ট্রবিরোধী আইনে পৃথক দুটি মামলা রয়েছে।