সিঙ্গাপুর ম্যাচে হামজাকে নিয়ে সংশয়

দেশের ফুটবলের বাঁকবদলের নায়ক হামজা চৌধুরী। গত বছর মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকেই হামজাকে দিয়ে আগ্রহ আকাশছোঁয়া এ দেশের ফুটবল ভক্তদের। সেই হামজার চোটের খবরে তাই উদ্বেগের শেষ নেই। আর চোট যদি হয় গুরুতর, তবে তো কথাই নেই। ৩১ জানুয়ারি ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে লেস্টার সিটির হয়ে চার্লটনের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন হামজা। সে রাতে ক্র্যাচে ভর করে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর থেকেই হামজার চোট কতটা গুরুতর, তা জানার অপেক্ষা। একটি সূত্রে জানা গেছে, বুধবার তার আক্রান্ত হাঁটুতে যে স্ক্যান হয়েছে তাতে বড় কোেেনা সমস্যা বা চিড় ধরা পড়েনি। তবে পুরোপুরি সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। এতেই তৈরি হয়েছে সংশয়। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ বাংলাদেশ। তার আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচে হামজাকে শতভাগ সুস্থ অবস্থা পাওয়া নিয়ে যথেষ্ট সংশয় আছে।

সম্প্রতি ডান হাঁটুতে ভারী ব্রেস লাগানো অবস্থায় হামজার একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার ছবি ভাইরাল হওয়ায় উদ্বেগ বেড়েছে অনেকটাই।