বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বাইল্যাছড়ি স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুবেন জয় ত্রিপুরা (২৮) গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের পঙ্খীমুড়া এলাকার বাসিন্দা কৃপাচার্য ত্রিপুরার ছেলে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী শান্তি পরিবহন বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক কুবেন জয় ত্রিপুরা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত যুবককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহতের মরদেহ মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, দুর্ঘটনায় আহত একজন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ওই বাস পুলিশ হেফাজতে রয়েছে। ঘাতক বাসের চালক ও সহকারী পলাতক। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।