নরসিংদী সড়ক দুর্ঘটনা

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ২ এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৩ পিএম

নরসিংদীর শিবপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় এবং সকালে পোড়াদিয়া-বেলাব সড়কের রাধাখালী ব্রিজ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদী হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে ও শিবপুরের আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী স্বাধীন (১৯), একই গ্রামের আসাদ উল বেপারির ছেলে ও পরীক্ষার্থী নাফিস (২২)  এবং মনোহরদী উপজেলার ব্রাহ্মণেরগাঁও গ্রামের ফারুক হোসেনের ছেলে নছিমন চালক।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কোহিনূর মিয়া জানান, আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজে পড়েছে। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তারা বাজনাব এলাকায় পৌঁছলে শিবপুরগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই পরীক্ষার্থী ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে শিবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

একই দিন সকালে পোড়াদিয়া-বেলাব সড়কের রাধাখালী ব্রিজ এলাকায় নছিমন উল্টে চালক শাওন নিহত হয়েছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, সকালে নছিমন নিয়ে মনোহরদী উপজেলা থেকে বেলাবর উদ্দেশ্যে রওনা দেন চালক শাওন। পথে রাধাখালী ব্রিজের কাছাকাছি পৌঁছালে হঠাৎ গাড়ির একটি চাকা খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক শাওন নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত