২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে জোরদার প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা। আসন্ন বিশ্বকাপে লিওনেল স্কালোনির দলের মূল ঘাঁটি হবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটি। পুরো টুর্নামেন্টের বড় অংশ জুড়েই আর্জেন্টিনা দল কানসাস সিটিতে অবস্থান করবে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এ তথ্য নিশ্চিত করেছে।
শহরটি বেছে নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিষয় বিবেচনা করেছে এএফএ। ভেন্যুগুলোর সঙ্গে শহরের দূরত্ব, যোগাযোগ সুবিধা এবং দলের জন্য উপযুক্ত পরিবেশকে প্রধান বিবেচনায় নেওয়া হয়েছে। প্রধান ফিটনেস কোচ লুইস মার্তিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কানসাস সিটির সম্ভাব্য ভেন্যু পরিদর্শন করে। বিস্তারিত প্রতিবেদন পর্যালোচনার পর কানসাস সিটিকেই আদর্শ স্থান হিসেবে চূড়ান্ত করা হয়। তবে দলটির অনুশীলন কেন্দ্র ও বাসস্থান এখনো চূড়ান্ত হয়নি।
২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবার শিরোপা ধরে রাখার মিশনে নামবে। গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জুন কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে। এরপর প্রায় ৯০০ কিলোমিটার দূরে ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে (২২ জুন) এবং জর্ডানের বিপক্ষে (২৭ জুন) খেলবে তারা। কানসাস সিটি কম জনবহুল, তুলনামূলক কম যানজট এবং সহনীয় আবহাওয়ার কারণে আর্জেন্টিনার জন্য সুবিধাজনক হবে।
ফিফা এখনো দল ঘোষণার সময়সূচি ও ভেন্যুতে দলগুলোর আগমনের সময় নির্ধারণ করেনি। ধারণা করা হচ্ছে, ১ জুনের দিকে উত্তর আমেরিকায় প্রস্তুতি সফর শুরু করতে পারে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে তারা দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বলে জানা গেছে। এছাড়া বিশ্বকাপের আগে ২৭ মার্চ স্পেনের বিপক্ষে ‘ফিনালিসিমা’ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তিন দিন পর স্বাগতিক কাতারের বিপক্ষে খেলবে প্রীতি ম্যাচ।