নির্বাচনি নিরাপত্তায় তিন জেলায় মাঠে থাকবে ৪৩ প্লাটুন বিজিবি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিন জেলায় জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন তারা।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) পরিচালক লে.কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ৩৫ বিজিবি ৪৩ প্লাটুন সদস্য নিয়ে ২১ টি বেস ক্যাম্পের মাধ্যমে দায়িত্ব পালন করা হবে। এর মধ্যে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা নিয়ে ৮টি সংসদীয় আসনে ১২টি বেস ক্যাম্পে ১৯ প্লাটুন, জামালপুর জেলার ৭টি উপজেলায় ৫টি সংসদীয় আসনে ৭টি বেস ক্যাম্পে ১৬ প্লাটুন এবং কুড়িগ্রাম জেলার ২টি উপজেলায় ১টি সংসদীয় আসনে ২টি বেস ক্যাম্পে ৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

লে. কর্নেল হাসানুর রহমান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। 

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) আওতাধীন সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত অপরাধ, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় নির্বাচনী দায়িত্ব পালনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন-পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে প্রতিটি উপজেলা ও ভোটকেন্দ্রে নিয়মিত রেকি (রিকনাইস্যান্স) ও নিরাপত্তা মূল্যায়ণ কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি প্রত্যন্ত এলাকায় দিন-রাত বিশেষ টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে।
নির্বাচনকে ঘিরে যে কোনো ধরণের সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলেও জানান তিনি।