নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় দলীয় প্রার্থীদের পক্ষে জনসভায় অংশ নেবেন।
তারেক রহমানের এই সফরসূচি বিষয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
সূত্র মতে, গত ১১ জানুয়ারি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভার কথা ছিল। কিন্তু পরে তা স্থগিত করা হয়েছিল। সেই স্থগিত হওয়া জনসভা গুলো শনিবার নীলফামারী, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানা যায়। তবে গত ৩০ জানুয়ারি তারেক রহমান নির্বাচনী প্রচারে উত্তরাঞ্চলের প্রথম দফা সফরে এসে বিভাগীয় শহর রংপুরে বিশাল জনসভায় বক্তব্য দিয়েছিলেন।
এদিকে শনিবার তিন জেলায় তারেক রহমানের নির্বাচনী জনসভা ঘিরে সাজ সাজ রব শুরু হয়েছে। প্রতিটি জনসভা স্থলে মঞ্চ তৈরির কাজ চলছে। পাশাপাশি তারেক রহমানের আগমনকে ঘিরে শহরগুলোতে প্রচারণা মিছিল ও মাইকিং চলছে।
দলীয় সূত্রমতে, এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের নির্বাচনী প্রচারণার জনসভার সফরে তিনি বিমান ও হেলিকপ্টার ব্যবহার করবেন এবার। তারেক রহমান সকালে ঢাকা থেকে বিমানে করে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সকাল ১১টায় পৌঁছাবেন। সেখান থেকে হেলিকপ্টার যোগে প্রথমে ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে বেলা সারে ১১টায় জনসভায় যোগদান করবেন। সেখান থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে দুপুর দেড়টায় নীলফামারী পৌরসভা বড় মাঠে জনসভায় অংশ নিবেন। নীলফামারীর জনসভা শেষে তারেক রহমান পুনরায় হেলিকপ্টারে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে বিকাল সারে ৩টার জনসভায় যোগদান করবেন। সেখানে বক্তব্য শেষে তিনি প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানী তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন। এরপর হেলিকপ্টার যোগে সৈয়দপুর বিমানবন্দরে এসে বিমানযোগে সন্ধ্যায় ঢাকায় ফিরে যাবেন।
তিন জেলার এই নির্বাচনী সভায় ঠাকুরগাঁও জেলার ৩টি, নীলফামারী জেলার চারটি ও দিনাজপুর জেলার ৬টি সহ ১৩টি আসনের ধানেরশীষ ও বিএনপি জোটের প্রার্থীরা অংশ নিবেন।
প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে তারেক রহমানের খালাতো ভাই কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন রয়েছে।
এ বিষয়ে নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক দেশ রূপান্তরকে জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করতে প্রতিটি এলাকার বিএনপির নেতা-কর্মীরা প্রস্তুতি গ্রহণ করেছেন। সেই সঙ্গে নীলফামারী পৌরসভা বড় মাঠে মঞ্চ তৈরির প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে। নীলফামারীর জনসভাস্থল শহরের বড় মাঠটিতে দুই লাখ মানুষের সমাগম ঘটবে বলে জানান তিনি।