রাঙ্গামাটির দুর্গম ২০ কেন্দ্রে ব্যবহার হবে হেলিকপ্টার

রাঙ্গামাটির ১০ উপজেলার একটি আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সাতজন প্রার্থী। ভোটারদের মন জয়ে প্রার্থীরা ছুটে যাচ্ছেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। যেন বিশ্রামের সময়টুকুও নেই। আয়তনে দেশের সবচেয়ে বড় সংসদীয় আসন রাঙ্গামাটি ২৯৯ নম্বর আসনে সুষ্ঠু, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে উপজেলাগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার একটি মাত্র এ আসনে ২১৩টি কেন্দ্রের মধ্যে ২০টি হেলিসর্টি কেন্দ্র (দুর্গম কেন্দ্র) রয়েছে। এসব কেন্দ্রে ভোটের কয়েক দিন আগে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তা পাঠানো হবে। গুরুত্ব বিবেচনায় ১৭০টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

নির্বাচনের দিন মাঠে থাকবেন সেনাবাহিনীর তিন হাজারের অধিক সদস্য, বিজিবির ৩৭ প্লাটুন, পুলিশ ১ হাজার ২১২ জন এবং আনসার বাহিনীর ২ হাজার ৭৬৯ সদস্য। এ ছাড়া নির্বাচনে সার্বিক বিষয় তদারকির লক্ষ্যে ১৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

বিজিবি থেকে জানানো হয়েছে, সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। ১ ফেব্রুয়ারি থেকে উপজেলা ভেদে দুই থেকে চার প্লাটুন বিজিবি সদস্য মাঠে কাজ শুরু করেছেন। নির্বাচনে মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিট।

এ ছাড়া নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেসúন্স ফোর্স প্রস্তুত থাকবে, যারা মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম বলে জানিয়েছে বিজিবি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, সব প্রস্তুতি সমানতালে চলছে। ইতিমধ্যে নির্বাচনী সরঞ্জাম উপজেলায় পৌঁছে গেছে।