বিশ্বকাপের আগের দিন অস্ট্রেলিয়া দলে বড় দুঃসংবাদ

রাত পোহালেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন সময়ে বড় দুঃসংবাদ এলো অস্ট্রেলিয়ার জন্য। তারকা পেসার জশ হ্যাজলউড পুরো আসর থেকেই ছিটকে গেছেন। এর আগে জানা গিয়েছিল, চোটাক্রান্ত এই পেসার টুর্নামেন্টের মাঝপথে খেলতে পারেন। তবে এবার তার বিশ্বকাপে খেলতে না পারা নিশ্চিত হয়ে গেল।

অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডডেমেইড বলেন, ‘আমরা আশা করছিলাম হ্যাজলউড সুপার এইটস পর্বের আগে ম্যাচ ফিট হয়ে উঠবে। কিন্তু এই মুহূর্তে তার যে অবস্থা, তাতে তার ফিট হতে আরও সময় প্রয়োজন। তাছাড়া দ্রুত ফিট করে তোলার চেষ্টা করা খুবই ঝুঁকিপূর্ণ। আমরা এখনই তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করছি না। আমাদের যথেষ্ট বিকল্প আছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত হ্যাজলউডের সঙ্গে এই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আরেক পেস তারা প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কও চোটের সঙ্গে লড়ছেন। তবে কুঁচকির ইনজুরিতে আক্রান্ত লেগ স্পিনার অ্যাডাম জাম্পা আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন বলে জানা গেছে। এছাড়া নাথান এলিস ও টিম ডেভিড হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগলেও গ্রুপ পর্বে খেলার জন্য প্রস্তুত আছেন।

২০০৯ চ্যাম্পিয়নস ট্রফির পর এই প্রথম হ্যাজলউড, কামিন্স, মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথ বা ডেভিড ওয়ার্নারের মধ্যে কাউকে ছাড়াই আইসিসি টুর্নামেন্টে খেলবে অস্ট্রেলিয়া। ইতোমধ্যেই হ্যাজলউডকে সিডনিতে পুনর্বাসনের জন্য রেখে শ্রীলঙ্কায় পৌঁছে গেছে অস্ট্রেলিয়া দল। দলের সঙ্গে রিজার্ভ হিসেবে রাখা হয় আরেক পেসার শন অ্যাবটকে। ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ‘বি’ গ্রুপের ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া।