বিএনপি প্রার্থী কামরুল হুদা

জিয়াউর রহমানের ৩টি সূচকের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ

কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কামরুল হুদা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রণীত তিনটি মৌলিক সূচকের ওপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এসব সূচক হলো বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও স্বনির্ভর অর্থনীতি।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা চৌদ্দগ্রামে মিরশ্বানী বাজার সংলগ্ন মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

স্বাধীনতার পর দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত কথা উল্লেখ করে তিনি বলেন, তখন জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে রাষ্ট্রকে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা দেন। বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে তিনি জাতির আত্মপরিচয় সুদৃঢ় করেন, বহুদলীয় গণতন্ত্র চালুর মাধ্যমে জনগণের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেন এবং স্বনির্ভর অর্থনীতির ভিত্তি গড়ে তুলে দেশের উৎপাদন ও উন্নয়নের গতি ত্বরান্বিত করেন।

কামরুল হুদা বলেন, জিয়াউর রহমান কৃষি, শিল্প ও রপ্তানিমুখী অর্থনীতির যে ভিত্তি তিনি স্থাপন করেছিলেন। তার সুফলেই বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তবে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার আজ হুমকির মুখে পড়েছে।

তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই একটি গণতান্ত্রিক, স্বনির্ভর ও জনগণের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ সময় তারা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রীর নির্বাচন করতে হবে।