বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতেই একজন নাগরিকের পরিচয় সুস্পষ্ট। আমাদের পাসপোর্টে স্পষ্টভাবে লেখা আছে আমরা সবাই বাংলাদেশি নাগরিক। সংবিধান অনুযায়ী বাংলাদেশে বসবাসকারী প্রত্যেকেই সমান নাগরিক এবং রাষ্ট্রের দৃষ্টিতে এর বাইরে অন্য কোনও পরিচয় প্রাধান্য পেতে পারে না।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়ার মালুমঘাট এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ধর্মান্ধতায় নয়, ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে। সব ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে বাংলাদেশি পরিচয়ের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেয়াই আমাদের লক্ষ্য। এটাই আমাদের সংকল্প, এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের প্রতিশ্রুতি।
এমন একটি বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবার একটিই পরিচয় হবে, তা হলো বাংলাদেশি। ধর্ম কিংবা জাতিগত বিভাজনে বিএনপি কখনো বিশ্বাস করেনি, ভবিষ্যতেও করবে না। এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের রাজনৈতিক ম্যানিফেস্টো।
অতীতের সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা অতীতে উপাসনালয়ে হামলা চালিয়েছে, যারা ১৯৯২ সালের মতো সহিংস ঘটনার সঙ্গে জড়িত ছিল, তাদের পরিচয় আমাদের অজানা নয়। এমন শক্তি যদি কখনো রাষ্ট্রক্ষমতায় আসার সুযোগ পায়, তবে তাদের বর্তমান আচরণই প্রমাণ করে তখন কেউই নিরাপদ থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।