বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে সে দেশের গণতন্ত্র শক্তিশালী হয়। পৃথিবীর বিভিন্ন দেশে শক্তিশালী গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় স্বাধীন দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকাই আমরা দেখেছি।
সাংবাদিক বন্ধুগণ যেনো মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করে, নিরপেক্ষ সমালোচনা করেন। দলমতের ঊর্ধ্বে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের ও মানুষের কল্যাণ বয়ে আনবে।
৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় চকরিয়ায় রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেল আয়োজিত চকরিয়া পেকুয়ার সাংবাদিকদের সঙ্গে মিট দ্য প্রেস ইউথ সালাহউদ্দিন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, বিএনপি ৩১ দফাতেই প্রতিশ্রুতি দিয়েছে এদেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে। সেটা বিএনপির ইশতেহারেও বলা আছে। গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন করে সেই সমস্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে বিএনপি।
ইতিমধ্যেই একটা গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সেই সংস্কার কমিশনের প্রস্তাবগুলোও বিএনপি পর্যালোচনা করবে।
পৃথিবী এখন ডিজিটালইজ উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, এই পৃথিবীতে এখন তথ্য আদানপ্রদান এতো সহজ হয়েছে মুহূর্তের মধ্যেই তথ্য ছড়িয়ে যাচ্ছে বিশ্বব্যাপী। সুতারং সবাইকে অত্যন্ত সাবধানতার সঙ্গে কাজ করতে হবে যেন দেশের সম্মান সারা বিশ্বে সমুন্নত রাখা যায়।
তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যমের উম্মুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছিল ১৯৯১ সাল থেকে বেগম জিয়ার হাত ধরে। তখন থেকে দেশে ইলেকট্রনিক মিডিয়ার ধারা অবারিত হয়েছে গণমাধ্যমের জন্য অবারিত সুযোগ সৃষ্টি করা হয়েছিলো গণমাধ্যম বিকশিত হয়েছিলো। কিন্তু বিগত ১৬/১৭ বছরে এদেশের গণমাধ্যম দলীয়করণ হয়েছিল তার কারণে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা হোঁচট খেয়েছিল।
তিনি আরও বলেন, গণমাধ্যমের লক্ষ্য হওয়া উচিৎ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সুরক্ষা করা।
অনুষ্ঠানে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী,কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সাধারণ সম্পাদক এসএম জাফর, পাক্ষিক পেকুয়া নির্বাহী সম্পাদক, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, কক্সবাজার প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক একরামুল হক চৌধুরী টিপু, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহসভাপতি এম আর মাহবুব, সিনিয়র সাংবাদিক এম ওমর আলী, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ আনসারী, সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেলের এফ এম সুমনসহ চকরিয়া-পেকুয়ার গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।
