ছিটকে গেলেন হ্যাজেলউড

বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার শিরোপা স্বপ্নে। পেসার জশ হ্যাজেলউড চোটের কারণে ছিটকে গেলেন বিশ্বকাপ শুরুর আগের দিন। ২০২১ সালে অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন ডানহাতি পেসার হ্যাজেলউড, আসরে নিয়েছিলেন ১১ উইকেট।  হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এবারের বিশ্বকাপে খেলা হচ্ছে না হ্যাজেলউডের। অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ১১ ফেব্রুয়ারি, আয়ারল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচের ৫ দিন আগে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড। যদিও চোটের জন্য হ্যাজেলউড দলের বাকিদের সঙ্গে শ্রীলঙ্কায় যাননি, ছিলেন সিডনিতেই। চোটের জন্য ঘরের মাঠে অ্যাশেজেও খেলা হয়নি তার। নির্বাচকরা আশায় ছিলেন বিশ্বকাপের আগে হয়তো সেরে উঠবেন, সেজন্য তাকে দলেও রেখেছিলেন। জাতীয় নির্বাচকদের একজন টোনি ডোডেমাইড জানিয়েছেন, ‘আমরা আশা করেছিলাম সুপার এইট পর্বের আগে সে সেরে উঠবে, তবে সাম্প্রতিক লক্ষণগুলো দেখে যা বোঝা যাচ্ছে সে আমাদের প্রত্যাশিত সময়সীমা অতিক্রম করে ফেলবে। তাকে দ্রুত মাঠে নামিয়ে দেওয়াটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে।’ হ্যাজেলউডকে বিশ্বকাপ দল থেকে বাদ দিলেও এক্ষুনি তার কোনো বিকল্প ঘোষণা করছে না অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের পর হ্যাজেলউডও না থাকায় অস্ট্রেলিয়ার পেস আক্রমণটা ধার হারিয়েছে অনেকটাই। হাভিয়ের বার্টলেট, বেন ডাওরশিউস এই দুজনই এখন প্রধান দুই পেসার। দলের সঙ্গে থাকা ট্র্যাভেলিং রিজার্ভ শন অ্যাবট হতে পারেন সম্ভাব্য বিকল্প।